আধুনিক প্রযুক্তিতে মৌচাষ উন্নয়ন কর্মশালা

২৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:৩৭  
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৌচাষ উন্নয়ন (১ম পর্যায়) শীর্ষক এক কর্মশালা করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিসিক আঞ্চলিক কেন্দ্র খুলনার সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় ২০ জন ‘মধু শিল্প’ উদ্যোক্তাসহ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট বিসিক জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় মোট ৩৭ জন অংশ নেন। কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিসিকের পরিকল্পনা ও গবেষণা বিভাগের পরিচালক নেপাল চন্দ্র কর্মকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান, ঢাকা বিসিকের পরিকল্পনা বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-মহাব্যবস্থাপক মো. রাশেদুল রহমান ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তুষার কান্তি রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের খুলনা জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) এম. এনাম আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-ব্যবস্থাপক, (পরিকল্পনা) মো. হাফিজুর রহমান। প্রবন্ধে বিসিকের কার্যক্রম, মহাপরিকল্পনা, মধু শিল্প উন্নয়নে বিসিকের অবদান, মৌশিল্পের বিদ্যমান অবস্থা ও সমস্যা, প্রস্তাবিত প্রকল্পের আওতায় চিহ্নিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। কর্মশালায়, মধু শিল্পবিষয়ক উদ্যোক্তারা মধু শিল্পের সমস্যাগুলো তুলে ধরেন ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো এ প্রকল্পে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।